| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন্দুয়ায় টিভি প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৭:৪২:২৩:অপরাহ্ন  |  ১৫৩৭ বার পঠিত
কেন্দুয়ায় টিভি প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মো. আশরাফুল হক টিপু নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে আশরাফুল হক টিপু বলেন, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে “পিলখানায় লুটে কোটিপতি সাবেক বিডিআর সদস্য” শিরোনামে তার নামে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এতে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।

তিনি জানান, তিনি কেন্দুয়া উপজেলার ভরাপাড়া গ্রামের বাসিন্দা। ১৯৯৮ সালে বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি)-এ যোগদান করেন এবং ২০১১ সালের নভেম্বর মাসে বাধ্যতামূলক অবসরে যান। পরবর্তীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়ে বর্তমানে সিনিয়র রিজিওনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পোল্ট্রি খামার, মৎস্য ও গরুর খামার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

পিলখানা ঘটনার বিষয়ে তিনি বলেন, ওই সময় তিনি কোনো ধরনের লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন না এবং কখনো জেলেও যাননি। সে সময় তিনি খাগড়াছড়ি ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে কর্মরত ছিলেন এবং বিশেষ প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পরদিন কর্তৃপক্ষের নির্দেশে কর্মস্থলে ফিরে যান।

নিজের সম্পদ সম্পর্কে তিনি দাবি করেন, তার নামে সীমিত পরিমাণ জমি, দোকানঘর ও বসতবাড়ি রয়েছে, যা বৈধ উপার্জনের মাধ্যমে অর্জিত। এছাড়া তার স্ত্রীর নামে কৃষিজমি ও কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় একটি একতলা বাড়ি রয়েছে, যার জন্য নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তার প্রতিপক্ষ ইউসুফ আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। প্রতিপক্ষের প্ররোচনায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪