| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৮:৫১:৩৮:অপরাহ্ন  |  ১৯৯৯ বার পঠিত
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন

রাঙ্গামাটি প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে পালিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। শুক্রবার (১ মে) সকাল থেকে জেলার বিভিন্ন বিহারে শোভাযাত্রা, প্রার্থনা, ধর্মদেশনা ও দানকার্যের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করেন পুণ্যার্থীরা।

সকালে শহরের বনরূপা মৈত্রী বিহার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। এতে নানা বয়সী নারী-পুরুষ, দায়ক-দায়িকা এবং পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে বিহার প্রাঙ্গণে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

একই সময়ে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রাজবন বিহার পর্যন্ত আরেকটি শোভাযাত্রা বের করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধস্নান, প্রদীপ প্রজ্বালন, প্রাণী অবমুক্তকরণ এবং সমবেত প্রার্থনা।

রাজবন বিহার এলাকায় সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। সেখানে ভক্তরা ফুল ও জল দিয়ে বুদ্ধমূর্তিতে অর্ঘ্য নিবেদন করেন এবং বিশ্বের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন।

রাঙ্গামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সহ-সভাপতি নিরুপা দেওয়ান বলেন, “সবাই মিলে প্রার্থনা করেছি, পৃথিবী যেন শান্ত থাকে এবং আমরা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে পারি।”

রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকর মহাস্থবির বলেন, “এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করি। বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি। বিশ্বের সকল মানুষের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আসুক।”

বৌদ্ধ ধর্মমতে, বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ—এই তিনটি ঘটনা সংঘটিত হয়। এ কারণে দিনটিকে ‘ত্রিস্মৃতি বিজড়িত’ হিসেবে বিবেচনা করা হয়।

রাঙ্গামাটি ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪