নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশের একটি শটগান লুট করে নিয়ে যায়। শুক্রবার (১ মে) রাত আড়াইটার দিকে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন আহত হয়েছেন। হামলাকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করে।
পরে বন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টা পর, সকাল সোয়া ৬টার দিকে একই এলাকার একটি গাছের নিচ থেকে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, রাতে তিনজন যুবক ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ করেন। এর ভিত্তিতে টহলরত এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গেলে ১০ থেকে ১৫ জনের একটি ছিনতাইকারী দল ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
পরে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কনস্টেবল ফয়সালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি বলেন, অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়নি।
উল্লেখ্য, গত ৯ মার্চ শহরের নিতাইগঞ্জ এলাকায় পুলিশের এক সদস্যের মোটরসাইকেল থামিয়ে তার সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই অস্ত্র উদ্ধার এবং জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এর এক সপ্তাহ পর ১৫ মার্চ শহরের উকিলপাড়া রেললাইনে মাদকবিরোধী অভিযানে রেল পুলিশের দুই সদস্য হামলার শিকার হন।
রিপোর্টার্স২৪/এসএন