নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার সংকটকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষর্শীরা জানায়, ওই গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে ব্রাহ্মন্দী ইউনিয়নের বাসিন্দা হাছেম আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরপক্ষ অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর অতিথি সংখ্যা নিয়ে খাবারের স্বল্পতা দেখা দেয়।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন চেয়ার, বাঁশ ও কাচের প্লেট ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।
এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ফয়াসাল