গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নরসিংদীর মনোহরদী উপজেলার চর তারাকান্দি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে কাপাসিয়া উপজেলার খিরাটী আব্দুল কুদ্দুস (একে) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শিবপুর উপজেলার সাতপাইকা ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় চর তারাকান্দি স্পোর্টিং ক্লাব।
স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের সৌজন্যে এবং খিরাটী আদর্শ স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বিশিষ্ট প্রকাশক ও দ্যা রয়েল পাবলিশার্সের স্বত্বাধিকারী জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মামুনুর রশিদ।
খিরাটী আদর্শ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও বঙ্গতাজ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহাঙ্গীর বিন হামিদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাজহারুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (মাঝি), সহ-সভাপতি সোহরাব মোল্লাহ, আলতামাসুল ইসলাম রাসেল, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম ব্যাপারী, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুর রহমান, সম্রাট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান আবুল বাসার মাস্টার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন তালুকদার সঞ্জু এবং ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খিরাটী আদর্শ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. রাকিব উল্লাহ। এছাড়াও ক্লাবের কর্মকর্তা, সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চর তারাকান্দি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মো. সাজ্জাদ হোসেন দুটি গোল করেন এবং ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে ১০০ সিসি হিরো ডিলাক্স মোটরসাইকেল এবং রানার্সআপ দলের হাতে কনকা ব্র্যান্ডের একটি রেফ্রিজারেটর তুলে দেন অতিথিরা।
রিপোর্টার্স২৪/বাবি