আন্তর্জাতিক ডেস্ক: জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমানসংস্থা স্পিরিট এয়ারলাইন্স।
শনিবার (২ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা ধাপে ধাপে কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। খবর আল জাজিরার।
সংস্থাটি জানিয়েছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তাদের পরিচালন ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এতে আর্থিক সংকট আরও তীব্র হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
জানা গেছে, মে মাসের প্রথমার্ধে স্পিরিট এয়ারলাইন্সের ৪ হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত ছিল। এসব ফ্লাইটে প্রায় ৮ লাখ যাত্রীর আসন বরাদ্দ ছিল। আকস্মিক এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বিপুল সংখ্যক যাত্রী।
এদিকে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্পিরিট এয়ারলাইন্স এর আগে ঋণদাতাদের সঙ্গে পুনর্গঠন চুক্তির মাধ্যমে দেউলিয়া পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল। তবে জ্বালানির ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।
তথ্যমতে, ২০২৬ সালে প্রতি গ্যালন জেট ফুয়েলের গড় মূল্য ২ দশমিক ২৪ ডলার ধরা হলেও এপ্রিলের শেষ দিকে তা বেড়ে প্রায় ৪ দশমিক ৫১ ডলারে পৌঁছে যায়।