| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপির মধ্যস্থতায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বুকে টেনে নিলেন অধ্যক্ষ

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ০৭:২৯:২৬:পূর্বাহ্ন  |  ৩৬০ বার পঠিত
এমপির মধ্যস্থতায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বুকে টেনে নিলেন অধ্যক্ষ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর ও শিক্ষকের সঙ্গে অসদাচরণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিরোধের অবসান হয়েছে। শনিবার (২ মে) বিকেলে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের উদ্যোগে কলেজ অধ্যক্ষের কক্ষে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

কলেজ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে শিক্ষকেরা মধ্যাহ্নভোজে থাকা অবস্থায় ছাত্রদলের একদল নেতাকর্মী কলেজে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এক শিক্ষক আহত হন এবং অন্য শিক্ষকদেরও হুমকি দেওয়া হয়। পরে শিক্ষকেরা জরুরি সভা করে অভিযুক্তদের বহিষ্কারসহ আট দফা দাবি উত্থাপন করেন।

ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের পদ দুই মাসের জন্য স্থগিত এবং সাবেক সভাপতি আকবর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ঘটনার দুইদিন পর শনিবার এমপি শাহজাহান কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় অভিযুক্ত ছাত্রনেতারা নিজেদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা বলেন, ছাত্ররা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। তারা তো আমারই ছাত্র, আমি কিছু মনে রাখিনি।

সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, ছাত্রদের এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। শিক্ষকরা সবার শ্রদ্ধার পাত্র।

বৈঠকে কলেজের শিক্ষক, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে চলমান উত্তেজনা ও অস্থিরতা দূর হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪