চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার (২ মে) রাত ১১টার দিকে বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, কাস্টমস শাখা ও কাস্টমস গোয়েন্দা বিভাগের সমন্বয়ে আন্তর্জাতিক আগমন হলে অভিযান চালিয়ে দুটি পৃথক চালান জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, SalamAir-এর মাস্কাট থেকে আসা ফ্লাইট ওভি-৪৯৩-এর এক যাত্রী কক্সবাজারের চকরিয়ার মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
এছাড়া আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রাখা হয়েছে।
আটক যাত্রীকে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/এসএন