| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৪:০০:২২:অপরাহ্ন  |  ২৫১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক নারীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম নারগুন এলাকার বাসিন্দা মোছাঃ রেনি আক্তার (৩১) প্রায় ১৩ বছর আগে মোঃ ফারুক হোসেনের সঙ্গে ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে প্রায় এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ওই নারী বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত সোমবার দুপুরে ভুক্তভোগী ব্যাংক থেকে চেক উত্তোলন শেষে ঠাকুরগাঁও চৌরাস্তায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার সাবেক স্বামী মোঃ ফারুক হোসেন অজ্ঞাত দুই সহযোগীকে সঙ্গে নিয়ে জোরপূর্বক তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যান।

পরে তাকে পৌর শহরের শাহাপাড়া এলাকার একটি বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তিনি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। পরে অভিযুক্ত ব্যক্তি তার ভাইকে ফোন করে হুমকি দেন, বোনকে নিতে এলে প্রাণনাশ করা হবে।

পরবর্তীতে ভুক্তভোগীর ভাই সুজন ইসলাম ও তার বন্ধু ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।

এ ঘটনায় পরিবারের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোঃ ফারুক হোসেনসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪