ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদা দাবি, বাড়িতে অনধিকার প্রবেশ এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বালিয়াডাঙ্গী আমলী আদালত) আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা মো. করিম উদ্দীন আপন।
মামলার প্রধান আসামি করা হয়েছে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী-২ আসনের সাবেক এমপি মো. দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মো. মাজাহারুল ইসলামকে (৪৭)। এ ছাড়া মামলায় আরও ২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাহমীদুর রহমান অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা (এজাহার) হিসেবে গণ্য করার জন্য বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২১ মে’র মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, বিবাদী মাজাহারুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১ জানুয়ারি সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করেন। সেখানে পুনরায় চাঁদা দাবি করলে বাদী তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা বাদীর শয়নকক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করেন।
বাদীর অভিযোগ, আসামিরা প্রভাবশালী এবং দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় সে সময় তিনি এবং তার পরিবার বাধা দেওয়ার সাহস পাননি। এমনকি চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। আসামিরা প্রভাবশালী হওয়ায় এবং মামলার অনুকূল পরিবেশ না থাকায় আইনি পদক্ষেপ নিতে বিলম্ব হয়েছে বলে বাদী আরজিতে উল্লেখ করেন।
মামলায় দণ্ডবিধির ৪৪৭ (অনধিকার প্রবেশ), ৩৮৫ (চাঁদা আদায়), ৪২৭ (ক্ষতিসাধন) এবং ৫০৬ (২) (প্রাণনাশের হুমকি) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার সাক্ষী হিসেবে স্থানীয় মো. শামসুল, মো. মাহাফুজ মুন্না ও মো. জালালসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট সুজিত কুমার পাল বলেন, “আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন। আমরা ন্যায়বিচারের প্রত্যাশা করছি।”
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পরপরই গতকাল রোববার রাতে মামলাটি রেকর্ড করা হয়। আসামি যেহেতু অন্য মামলায় কারাগারে রয়েছেন, তাই পরবর্তীতে তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে।
উল্লেখ্য, এ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত একাধিক মামলায় তিনি কারাগারে রয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন