| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন ডিজি নিয়োগে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ০১:৩৫:১০:পূর্বাহ্ন  |  ৩২৭ বার পঠিত
গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন ডিজি নিয়োগে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নিয়োগের পরপরই একাংশের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন ডিজিকে ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

সোমবার (৪ মে) দুপুরে গাজীপুরে ব্রি কার্যালয়ে উভয় পক্ষ মহাপরিচালকের দপ্তরের সামনে অবস্থান নেয়। এ সময় পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বিক্ষোভকারীদের একটি অংশ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করলে গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির সহ-সভাপতি এ বি এম আনোয়ার উদ্দিন বলেন, প্রায় এক মাস ধরে ডিজির পদটি শূন্য ছিল। রবিবার যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পূর্ববর্তী সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ব্যক্তিগত বিরোধ নয়, বরং নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার অতীত কর্মকাণ্ড নিয়েই আপত্তি রয়েছে। বিতর্কিত কাউকে শীর্ষ পদে বসানো হলে গবেষণা কার্যক্রম ব্যাহত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে নতুন ডিজি আমিনুল ইসলামের সমর্থনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেন, দীর্ঘদিন ডিজি না থাকায় প্রশাসনিক কার্যক্রমে জট তৈরি হয়েছে। এমনকি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধেও বিলম্ব হচ্ছে।

কর্মকর্তা-কর্মচারী সমিতির সহ-সভাপতি আবদুল মান্নান বলেন, মন্ত্রণালয় নিয়ম মেনেই ডিজি নিয়োগ দিয়েছে। তারা চান নতুন ডিজি দ্রুত দায়িত্ব গ্রহণ করে স্বাভাবিক কার্যক্রম চালু করুন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪