ইন্টারন্যাশনাল ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক সাফল্য অর্জনের পরও সরকার গঠন নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ এখনো পরিষ্কার হয়নি।
শুক্রবার রাত পর্যন্ত রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছিল, খুব দ্রুতই সরকার গঠনের আমন্ত্রণ পেতে যাচ্ছেন বিজয়। তবে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। ছোট দুই রাজনৈতিক দল টিটিভি দিনাকরণের আম্মা মাক্কাল মুন্নেত্র কাজাগম (এএমএমকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)—সরাসরি জানিয়ে দেয়, তারা টিভিকেকে সমর্থন দেবে না।
এরপর থেকেই রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিদুথালাই চিরুথাইগাল কাজাগম (ভিসিকে)। দলটির দুইজন বিধায়ক রয়েছেন এবং তাদের সমর্থন পেলেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বিজয়ের নেতৃত্বাধীন জোট।
দলীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান এখনো ডিএমকে নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আজকের মধ্যেই দলটির চূড়ান্ত অবস্থান স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গভর্নরকে সন্তুষ্ট করতে পারেননি বিজয়
সরকার গঠনের দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার তামিলনাড়ুর গভর্নর আর ভি আরলেকারের সঙ্গে দু’দফা বৈঠক করেন বিজয়। তবে সরকার পরিচালনার মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে এমন নিশ্চয়তা দিতে না পারায় গভর্নর সন্তুষ্ট হননি।
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো গভর্নরের সঙ্গে বৈঠক করেন তিনি। কিন্তু এরপরও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি।
গভর্নরের দপ্তরের সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১১৮ বিধায়কের সমর্থনের স্পষ্ট প্রমাণ দিতে পারেননি বিজয়। এ কারণে তাকে এখনো সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। গভর্নর সমর্থনকারী বিধায়কদের লিখিত সমর্থনপত্র চেয়েছেন বলেও জানা গেছে।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১১৮ সদস্যের সমর্থন।
বর্তমানে কারা রয়েছে বিজয়ের পাশে
বর্তমানে বিজয়ের পাশে রয়েছে কংগ্রেস, সিপিআই এবং সিপিএম। বাম দল দুটি নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস শর্তসাপেক্ষে সমর্থন দিতে রাজি হয়েছে।
রাজনৈতিক সূত্রের দাবি, কংগ্রেস তাদের সমর্থনের বিনিময়ে মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রত্যাশা করছে। অন্যদিকে সিপিআই ও সিপিএম বাইরে থেকে সমর্থন দেবে এবং সরকারে যোগ দেবে না।
সাম্প্রতিক নির্বাচনে টিভিকে ১০৮ আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। এর মধ্য দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয় বিজয়ের দল।
তবে নির্বাচনে বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে তাকে। ফলে কার্যত টিভিকের বর্তমান আসন সংখ্যা দাঁড়িয়েছে ১০৭।
এর সঙ্গে কংগ্রেসের ৫ এবং বাম দলগুলোর ৪ বিধায়কের সমর্থন যোগ হলে মোট সংখ্যা দাঁড়ায় ১১৬। অর্থাৎ সরকার গঠনের জন্য এখনো দুইজন বিধায়কের সমর্থন প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিসিকের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে তামিলনাড়ুর পরবর্তী সরকার গঠনের ভাগ্য। দলটি সমর্থন দিলে খুব দ্রুত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়। অন্যথায় রাজনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘ হতে পারে।
সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/ঝুম