| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১২:৩৭:৪৭:অপরাহ্ন  |  ১৫৭২ বার পঠিত
তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন সন্তানকে জীবন দিয়ে বাঁচালেন এক দম্পতি। আগুনের ভয়াল থাবা থেকে সন্তানদের নিরাপদে বের করে দিলেও শেষ পর্যন্ত নিজেদের আর রক্ষা করতে পারেননি আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাদের।

শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ সালাম শিকদারের টিন ও কাঠের তৈরি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ঘরের ভেতরে আটকা পড়া দম্পতি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের মধ্যে থেকেও সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন সালাম ও নাসিমা। একপর্যায়ে তারা তিন সন্তানকে জানালা দিয়ে বাইরে ছুড়ে দেন। স্থানীয়রা শিশুদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। তবে তখন ঘরের ভেতরে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দম্পতিকে আর বের করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলেই তাদের মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিন ও কাঠ দিয়ে নির্মিত পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আবদুস সালাম ও তার স্ত্রী নাসিমা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানদের বাঁচাতে বাবা-মায়ের আত্মত্যাগে স্থানীয়দের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪