| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম সেশন ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১২:৫৮:৪১:অপরাহ্ন  |  ১১৪৬৮ বার পঠিত
প্রথম সেশন ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পাকিস্তান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান শক্ত জবাব দিতে শুরু করেছিল। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের জুটিতে স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ ছোড়ার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে বিপদে পড়ে সফরকারীরা। আজ (রোববার) প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ৭২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ।

অভিষিক্ত ওপেনার আজান ৮৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন। ১৫৩ বলে ১৪ চারে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি।

সেঞ্চুরি পূর্ণ করার একটু পরেই আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দিলেন পেসার তাসকিন। এর আগে ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটারের ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চারে। 

তৃতীয় দিনের পঞ্চম ওভারে নাহিদ রানার বলে সিঙ্গেল রান নিয়ে আজান ম্যাজিক ফিগারে পৌঁছান। ফজলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে ফিরে যান তিনি। তারপর বাংলাদেশ ৪ রানের ব্যবধানে তিন উইকেট পায়। অধিনায়ক শান মাসুদকে (৯) দুই অঙ্কের ঘরে যেতে দেননি তাসকিন। সাদমান ইসলামকে ক্যাচ দেন পাকিস্তানি অধিনায়ক। পরের ওভারে সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শাকিল।

১০২ বলে ৭ চারে অভিষেকে ফিফটি করেন ফজল। তিনি আর বেশিদূর যেতে পারেননি। উইকেট হারানোর মিছিলে তিনি যোগ দেন মিরাজের বলে তাইজুলকে ক্যাচ দিয়ে। ১২০ বলে ৭ চার ও ১ ছয়ে ৬০ রান করেন তিনি।

১ উইকেটে ২১০ রান করা পাকিস্তান ২৩০ রানে হারায় পঞ্চম ব্যাটারকে। এরপর সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান লাঞ্চ পর্যন্ত ক্রিজে লেগে ছিলেন। ৩৮ বলে সালমান ১২ ও রিজওয়ান ১৯ বলে ৮ রানে অপরাজিতক আছেন। ৫ উইকেটে ২৫১ রান পাকিস্তানের। দিন শুরু করেছিল তারা ১ উইকেটে ১৭৯ রানে।

এর আগে প্রায় দেড়দিন প্রথম ইনিংসে ব্যাট করেছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর ১০১, মুমিনুল হকের ৯১ এবং মুশফিকুর রহিমের ৭১ রানে ভর করে স্বাগতিকরা ৪১৩ রান তোলে। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন মুহাম্মদ আব্বাস।

রিপোর্টার্স২৪/ এম এইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪