রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সাম্প্রতিক আন্দোলন ও বিভিন্ন অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আতিয়ার রহমান। তিনি বলেছেন, গোষ্ঠীস্বার্থে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রোববার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপাচার্য।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্দোলন, প্রশাসনিক কার্যক্রম, নিয়োগ প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অডিট আপত্তি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি।
উপাচার্য অভিযোগ করেন, গত ৫ মে তাঁর অনুপস্থিতিতে কিছু শিক্ষার্থী রাজনৈতিক ব্যানারে সংবাদ সম্মেলন করে এবং ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে ‘অছাত্রসুলভ’ আচরণ করেছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ থাকার সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে ‘আওয়ামী পুনর্বাসন’ সংক্রান্ত অভিযোগকে ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ড. আতিয়ার রহমান বলেন, তাঁর দায়িত্বকালে সাবেক ক্ষমতাসীন ছাত্রসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যাঁকে ঘিরে অভিযোগ তোলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করলেও আগে কখনো তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠেনি।
ইউজিসির অডিট আপত্তির বিষয়ে উপাচার্য বলেন, এটি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং এর সঙ্গে দুর্নীতির সরাসরি সম্পর্ক নেই। ইতিমধ্যে কমিশনে প্রয়োজনীয় ব্যাখ্যা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও পদোন্নতি কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে হয় না। নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই এসব কার্যক্রম সম্পন্ন হয়। যাচাই ছাড়া বিভিন্ন নথি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরেন উপাচার্য। তিনি জানান, এ সময়ে প্রায় ২৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাঁদের মধ্যে বিদেশি পিএইচডিধারী শিক্ষকও রয়েছেন। পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রী হল, পরিবহন সুবিধা, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
ড. আতিয়ার রহমান বলেন, “রাবিপ্রবিকে একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রচেষ্টা চলমান রয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ব্যাহত হোক, তা আমরা চাই না।
সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপাচার্য। পরে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।
রিপোর্টার্স২৪/মিতু