| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশি বিনিয়োগের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ২১:২৬:৫৩:অপরাহ্ন  |  ১৮৭৯৬ বার পঠিত
বিদেশি বিনিয়োগের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি: মাহদী আমিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্ট্রিমলাইন প্রক্রিয়ার মাধ্যমে ওয়ান-স্টপ সল্যুশন নিশ্চিত ও দেশে যত বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন।

তিনি বলেন, অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য এখানেই যে, অতীতে জনগণের সরকার ছিল না। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। তিনি বলেন, যেহেতু আমরা জনগণের পাশে ও সঙ্গে আছি, জনগণকে পাশে রেখেই ইনশাআল্লাহ ঈদুল আজহাতেও সুন্দরভাবে ও শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে সকল শ্রমিকের বেতন-ভাতা ও বোনাস নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বৃহত্তর পরিকল্পনা হলো বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সেখানে নতুন কোনো কোম্পানি নিবন্ধনের জন্য দুর্নীতি করতে হবে না এবং অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজনও হবে না। আমরা স্ট্রিমলাইন প্রক্রিয়ার মাধ্যমে ওয়ান-স্টপ সল্যুশন নিশ্চিত করতে চাই। দেশে যত বিদেশি বিনিয়োগ আসবে, সেক্ষেত্রে মূল ভিত্তি হবে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে যেভাবে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন, একইভাবে শিল্প, ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রেও কীভাবে আরও স্বচ্ছতা নিশ্চিত করা যায় এবং ব্যবসার ক্ষেত্রে কর-সুবিধা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি।

নারায়ণগঞ্জের ঐতিহ্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও নতুন করে নারায়ণগঞ্জে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। নারায়ণগঞ্জে উৎপাদিত টি-শার্ট বিশ্বের অধিকাংশ দেশেই স্বীকৃতি পেয়েছে। সুতরাং প্রাচ্যের ডান্ডি না হলেও অবশ্যই নারায়ণগঞ্জকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।

রাজনৈতিক দলের নেতৃত্বকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের পরিচয় মাঝখানে অভয়ারণ্য ও বিভিন্ন ধরনের অপকর্মের কেন্দ্র হিসেবে ছিল। এখানে সন্ত্রাস ছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে সুশাসন, আইনের শাসন, মানবাধিকার ও বাক্স্বাধীনতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, জনগণের ক্ষমতার দল এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে। স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন এবং সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা জনগণের কথা বলবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন। তাহলেই আমরা নারায়ণগঞ্জকে নতুনভাবে ঢেলে সাজাতে পারব। প্রাতিষ্ঠানিকভাবে শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪