| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিসির আস্থা ধরে রাখলেন আম্পায়ার সৈকত

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ০০:৫৮:৩৩:পূর্বাহ্ন  |  ৩৮৮৮ বার পঠিত
আইসিসির আস্থা ধরে রাখলেন আম্পায়ার সৈকত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আবারও বড় স্বীকৃতি পেয়েছেন। এমিরেটস আইসিসির এলিট প্যানেলে তার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ মৌসুমের জন্য এলিট প্যানেলের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে আগের প্যানেলই বহাল রাখা হয়েছে। ফলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এলিট প্যানেলে থাকছেন সৈকতও।

২০২৪ সালের মার্চে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন সৈকত। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ও পেশাদারিত্বের কারণে তার ওপর আস্থা বজায় রেখেছে আইসিসি।

সংস্থাটি জানিয়েছে, গত এক বছরে আম্পায়ারদের পারফরম্যান্স, সিদ্ধান্ত গ্রহণের মান, প্রযুক্তির ব্যবহার এবং পেশাদারিত্ব মূল্যায়নের পর বর্তমান প্যানেল বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আম্পায়ার নির্বাচন প্যানেলের চেয়ারম্যান ছিলেন আইসিসির ক্রিকেট বিষয়ক মহাব্যবস্থাপক ওয়াসিম খান। এছাড়া প্যানেলে ছিলেন সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগ রেফারি মাইক রাইলি, সাবেক আন্তর্জাতিক আম্পায়ার পিটার ম্যানুয়েল এবং সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

২০২৬-২৭ মৌসুমের এলিট প্যানেলে থাকা আম্পায়াররা হলেন— কুমার ধর্মসেনা, ক্রিস্টোফার গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নীতিন মেনন, আল্লাহউদ্দিন পালেকার, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রডনি টাকার ও অ্যালেক্স হোয়ার্ফ।

অন্যদিকে ম্যাচ রেফারিদের তালিকায় রয়েছেন জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।

 রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪