| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবা হয়েও মেতেছিল সন্তানদের খুনের নেশায়

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ০৩:০৮:৫১:পূর্বাহ্ন  |  ৯১০৮ বার পঠিত
বাবা হয়েও মেতেছিল সন্তানদের খুনের নেশায়

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক রাতেই একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যার এ ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

গত ৮ মে দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— শারমিন খানম (৩৫), তার তিন মেয়ে মিম খানম (১৪), উম্মে হাবিবা (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর এলাকার আতিয়ার রহমান মোল্লার ছেলে মো. ফোরকান পেশায় প্রাইভেটকারচালক। প্রায় ১৬ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকার সাহাদৎ মোল্যার মেয়ে শারমিন খানমের সঙ্গে তার বিয়ে হয়। তারা কাপাসিয়ার রাউতকোনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ঘটনার রাতে খাবারের সঙ্গে স্ত্রী, সন্তান ও শ্যালককে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়। পরে গভীর রাতে তাদের অচেতন অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত ফোরকান পালিয়ে যান।

পুলিশ জানায়, নিহত শারমিন খানমকে জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বেঁধে হত্যা করা হয়। ঘুমন্ত অবস্থায় তিন শিশুকন্যা ও শ্যালক রসুল মিয়াকেও হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরদিন ৯ মে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ সময় মরদেহের পাশে কম্পিউটারে টাইপ করা একটি ‘অভিযোগপত্র’ পাওয়া যায়। সেখানে স্ত্রীকে ঘিরে কথিত পরকীয়া ও ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহত শারমিন খানম ও রসুল মিয়ার বাবা সাহাদৎ মোল্যা বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ফোরকানকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীদের আগে চেতনানাশক খাওয়ানো হয়েছিল। পরে তারা অচেতন হয়ে পড়লে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নজিরবিহীন। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪