| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেস্টে ৫ হাজার রানের অভিজাত ক্লাবে মুমিনুল

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ০৫:৩২:৫৮:পূর্বাহ্ন  |  ১৬৭৮ বার পঠিত
টেস্টে ৫ হাজার রানের অভিজাত ক্লাবে মুমিনুল

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নির্ভরতার নাম মুমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ব্যাট হাতে আরেকটি স্মরণীয় মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটার। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

মাইলফলক স্পর্শের আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থেমে যান মুমিনুল। তবে দ্বিতীয় ইনিংসে তুলে নেন ক্যারিয়ারের ২৭তম টেস্ট ফিফটি। আর সেই অর্ধশতকের পথেই পৌঁছে যান কাঙ্ক্ষিত ৫ হাজার রানের মাইলফলকে।

পাকিস্তানের স্পিনার নোমান আলীর বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে এক রান নিয়ে এই কীর্তি গড়েন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজার রান করেছিলেন কেবল তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলার ক্ষমতার জন্য বরাবরই পরিচিত মুমিনুল। চলমান ম্যাচেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দুই ইনিংসেই গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি। প্রথম ইনিংসে দুজন মিলে যোগ করেন ১৭০ রান, আর দ্বিতীয় ইনিংসে তাদের জুটি থেকে আসে ১০৫ রান। দলের বিপর্যয়ের মুহূর্তে এই দুটি জুটিই বাংলাদেশকে শক্ত অবস্থানে নিতে বড় ভূমিকা রাখে।

ক্যারিয়ারের ৭৬তম টেস্ট খেলতে নেমে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান মুমিনুল। এই অর্জনে তার খেলতে হয়েছে ১৪১টি ইনিংস। প্রায় ১৩ বছর ২ মাস ৩ দিনের টেস্ট ক্যারিয়ারে এসে তিনি স্পর্শ করলেন এই উচ্চতা।

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান এখনো মুশফিকুর রহিমের। ১০১ টেস্টে তার সংগ্রহ ৬ হাজার ৫৮১ রান। অন্যদিকে তামিম ইকবাল ৭০ টেস্টে করেছেন ৫ হাজার ১৩৪ রান।

রানের পাশাপাশি শতকের দিক থেকেও বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার মুমিনুল। এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ১৩টি টেস্ট সেঞ্চুরি। তবে দীর্ঘ ২২ ইনিংস ধরে শতকের দেখা পাচ্ছিলেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচে সেই খরা কাটানোর সুযোগ তৈরি হলেও প্রথম ইনিংসে ৯১ রানে থামতে হয় তাকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪