স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টের পঞ্চম দিনে নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পরই বাংলাদেশ ইনিংসে নামে ধস। একে একে ফিরে যান মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
দিনের শুরুটা হয় অভিজ্ঞদের নিয়ে আশা জাগিয়ে। এক প্রান্ত আগলে রাখছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত। তবে ৬৮তম ওভারে নোমান আলীর প্রথম বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন তিনি। বল প্যাডে আঘাত হানলে আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। ১৫০ বলে ৮৭ রানের ইনিংস শেষ করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
শান্তর বিদায়ের পরপরই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। অভিজ্ঞ মুশফিকুর রহিম দ্রুত ফিরেন ২২ রানে, এরপর লিটন দাসও থেমে যান মাত্র ১১ রানে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদও দ্রুত ফিরে গেলে ইনিংস থামে ২৪০ রানে।
এর আগে চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ছিল ১৭৯ রান। পঞ্চম দিনে মুশফিক ও শান্ত জুটি দিয়ে শুরু হলেও প্রথম দিকেই আঘাত হানে পাকিস্তান। শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন লিটনও।
শান্ত এদিন সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও ফিরতে বাধ্য হন। প্রথম ইনিংসে ১০১ রানের পর দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংসের সম্ভাবনা তৈরি করেছিলেন তিনি। তবে ১৩ রানের জন্য মিস করেন আরেকটি সেঞ্চুরি, সেই সঙ্গে হাতছাড়া হয় এক অনন্য রেকর্ডের সুযোগও।
এর আগে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি তিনবার করে গড়েছেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। সেই তালিকায় তৃতীয় টেস্ট হিসেবে নাম লেখানোর সুযোগ ছিল শান্তর, কিন্তু তা আর হয়নি।
পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন হাসান আলী ও নোমান আলী। দুজনেই নেন ৩টি করে উইকেট।
এখন ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নামবে পাকিস্তান। দুই সেশন ব্যাটিংয়ের সময় হাতে রেখে ম্যাচে উত্তেজনা এখন চরমে।
রিপোর্টার্স২৪/ঝুম