| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ সেশনে তাসকিন–তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৬:০৩:৪৬:অপরাহ্ন  |  ৩১৪৮ বার পঠিত
শেষ সেশনে তাসকিন–তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে শেষ সেশনে বোলারদের দাপটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের চা-বিরতিতে ৩ উইকেটে ১১৬ রান তুলেছিল পাকিস্তান। জয়ের জন্য তাদের তখনও প্রয়োজন ছিল ১৫২ রান, হাতে ছিল ৭ উইকেট।

বিরতির পরই দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে বড় ধাক্কা দেয় বাংলাদেশ। তাইজুল ইসলামের এলবিডব্লিউতে ৬৬ রানে আউট হন সেট ব্যাটার আবদুল্লাহ ফজল। এরপর তাসকিন আহমেদের বলে গালিতে ক্যাচ দেন ২৬ রান করা সালমান আগা। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এর আগে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে মাত্র ২ রান করে আউট হন ইমাম-উল-হক। এরপর মেহেদী হাসান মিরাজ বোল্ড করেন আজান আওয়াইসকে (১৫)। পরে নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়ে শান মাসুদ (২) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

পঞ্চম দিনের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে চাপে রাখে বাংলাদেশ। শেষ সেশনে তাইজুল ও তাসকিনের ধারাবাহিক আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয় স্বাগতিকদের হাতে।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়ায় ২৬৭ রানে, ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো হলেও বড় ইনিংস খেলতে পারেননি অভিজ্ঞ ব্যাটাররা। মুশফিকুর রহিম ২২, লিটন দাস ১১ রানে ফিরে যান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৭ রানে থামেন, সেঞ্চুরির খুব কাছে গিয়েও হাতছাড়া করেন বড় মাইলফলক।

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান আলি ও নোমান আলি, দুজনেই নেন ২টি করে উইকেট।

ম্যাচের বর্তমান পরিস্থিতি অনুযায়ী শেষ সেশনে বড় লড়াইয়ের আভাস থাকলেও এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪