ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (পাটিয়াডাঙ্গী বাজার) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রুহিয়া থানার এসআই তাপস রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত ডিউটি পালনকালে গোপন সংবাদ পায় যে, পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। পরে রাত ১টার দিকে উত্তর বঠিনা গ্রামের খাদেমুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর বঠিনা গ্রামের মৃত ইয়াসিনের ছেলে খাদেমুল ইসলাম (৫৯), একই গ্রামের মো. গফুরের ছেলে মো. মামুন (৩৪), মো. হিজাব উদ্দীনের ছেলে তাহেরুল ইসলাম (২২) এবং মেলানখুড়ি গ্রামের শ্রী খোকা রায়ের ছেলে শ্রী কৃষ্ণ রায় (২৬)।
তল্লাশিকালে খাদেমুল ইসলামের কাছ থেকে ১০০ গ্রাম, মামুনের কাছ থেকে ২০ গ্রাম, তাহেরুলের কাছ থেকে ২০ গ্রাম এবং শ্রী কৃষ্ণ রায়ের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই তাপস রায় জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
রিপোর্টার্স২৪/মিতু