চট্টগ্রাম প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল–এ পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে আন্তর্জাতিক নার্সেস দিবসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. সেখ ফজলে রাব্বি। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অতিথিবৃন্দ, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, নার্স, মিডওয়াইফ ও কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর ২০৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।”
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল–এর সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জু রানী দাশ–এর সভাপতিত্বে এবং সিনিয়র স্টাফ নার্স তপন চন্দ্র দে ও বাপ্পী দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অজয় দাশ, ডা. জাহাঙ্গীর আলম, ডা. রওশন আরা বেগম, ডা. কে.এম আশিক আমান, ডা. রাজদ্বীপ বিশ্বাস, ডা. জোহেব হাসান, ডা. মৌমিতা দাশ এবং বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র স্টাফ নার্স শর্মিলা মল্লিক।
সভায় প্রধান অতিথি ডা. সেখ ফজলে রাব্বি বলেন, “বর্তমান সময়ে নার্সিং পেশা অত্যন্ত মহৎ ও সেবাধর্মী। স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে নার্সদের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার দীপ্তি ভট্টাচার্য, সিনিয়র স্টাফ নার্স চায়না রানী শীল, অসিত কান্তি দাশ, দীপংকর রুদ্র, আকলিমা আক্তার এবং মিডওয়াইফ বিবি হালিমা।
বক্তারা বলেন, চিকিৎসাসেবায় চিকিৎসক ও নার্স একে অপরের পরিপূরক। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সিং পেশার গুরুত্ব অপরিসীম এবং এ খাতকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে।
রিপোর্টার্স/এসএন