মাদারীপুর প্রতিনিধি: আবারও লিবিয়ায় মানবপাচারকারী চক্র ও মাফিয়াদের নির্মম নির্যাতনে মাদারীপুরের তছির ফকির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং মানবপাচারকারী দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
নিহত তছির ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের কালু ফকিরের ছেলে। দেশে তিনি একটি ছোট চায়ের দোকান চালিয়ে স্ত্রী ও তিন কন্যাসন্তান নিয়ে কষ্টে সংসার চালাতেন। ভাগ্যের চাকা পরিবর্তনের আশায় প্রায় ৮ মাস আগে পাশ্ববর্তী পূর্ব স্বরমঙ্গল গ্রামের মানবপাচারকারী দালাল রফিকুল ইসলাম ওরফে বাঘার প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তছির।
পরিবারের অভিযোগ, প্রথমে তছিরের কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়ে তাকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর মাফিয়াদের বন্দিশালায় আটকে রেখে অমানবিক নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে আরও ২০ লাখ টাকা আদায় করা হয়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লিবিয়ার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসার কথা বলে দালাল চক্র আরও আড়াই লাখ টাকা নেয়। তবে শেষ পর্যন্ত তছিরকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের আরও অভিযোগ, তছির মারা যাওয়ার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মানবপাচারকারীরা লাশটি একটি গেম ঘরে নিয়ে যায়। তবে মঙ্গলবার লিবিয়ায় অবস্থানরত পরিচিত কয়েকজন তছিরের মৃত্যুর খবর নিশ্চিত করে বাড়িতে জানালে এলাকায় শোকের মাতম শুরু হয়।
এদিকে ঘটনার পর থেকেই মানবপাচারকারী দালাল রফিকুল ইসলাম বাঘা ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
নিহতের ভাই শাহিন ফকির বলেন, আমার ভাইকে বিদেশে পাঠানোর জন্য আমাদের জমিজমা সব বিক্রি করে দালালকে টাকা দিয়েছি। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। না পারলো আমার ভাই বিদেশ যেতে, না পারছি টাকা ফিরে পেতে। এই দালাল রফিকের বিচার চাই।
নিহত তছিরের স্ত্রী ইসমোতারা বেগম বলেন, আমার তিনটি মেয়ে সন্তানকে রেখে এভাবে আমাদের নিঃস্ব করে চলে যাবে সেটা কখনো ভাবিনি। দালাল আমার স্বামীকে দফায় দফায় নির্যাতন করে মেরে ফেলেছে। আমি এই দালালের বিচার চাই।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করলে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
নিহত তছিরের পরিবার বলছে, সর্বস্ব বিক্রি করে তারা এখন নিঃস্ব। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চান তারা।
রিপোর্টার্স২৪/মিতু