| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর শহরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৯:৩৪:৫৮:অপরাহ্ন  |  ৭১৪ বার পঠিত
চাঁদপুর শহরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।

বুধবার (১৩ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়কের পাশে নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠান মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ। এ সময় পৌরসভা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় যান চলাচল এবং পথচারীদের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পৌরসভার কর্মীরা সড়কের পাশে থাকা অবৈধ দোকান, টংঘর ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের ভবিষ্যতে পুনরায় সড়ক দখল না করার জন্য সতর্ক করা হয়।

এদিকে শহরের কয়েকটি খাবারের হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে একটি খাবারের হোটেলকে ২০ হাজার টাকা এবং একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এসব জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ।

জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ দখল উচ্ছেদ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪