| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বসুন্ধরায় ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৩:৪৬:৩৮:অপরাহ্ন  |  ৭০৬৪৭৪ বার পঠিত
বসুন্ধরায় ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

রিপোর্টার্স ডেস্ক: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৪ কোটি টাকার সোনা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক এক বিক্রয়কর্মীকে (সেলসম্যান) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের সড়ক থেকে গত সোমবার দুপুরে কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৩ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, গ্রেপ্তার কৃষ্ণ বসাক মানিকগঞ্জের দৌলতপুরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং ওই জুয়েলারি প্রতিষ্ঠানের সেলসম্যান ছিলেন। আত্মসাৎ করা অর্থে তিনি নিজেই একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক হন, পাশাপাশি ফ্ল্যাট, গাড়ি ও পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারীর যোগসাজশে ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ আত্মসাৎ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির একাধিক জুয়েলারি দোকান রয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে স্টক যাচাইয়ে মোট ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালংকারের ঘাটতি ধরা পড়ে। তদন্তে সিআইডি জানতে পারে, কৃষ্ণ বসাক দায়িত্বে থাকাকালে অন্য সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে বিপুল পরিমাণ স্বর্ণ আত্মসাৎ করেন।

সিআইডির দাবি, মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করলেও কৃষ্ণ বসাকের বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, তিনি একটি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এ ছাড়া ৪৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও কার পার্কিং, পুঁজিবাজারে ১৬ লাখ ৭৮ হাজার ২৯৩ টাকার শেয়ার এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সম্পদ আত্মসাৎ করা স্বর্ণের অর্থেই গড়েছেন তিনি।

এ ছাড়া কৃষ্ণ বসাকের ব্যাংক হিসাব পর্যালোচনায় অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। আত্মসাৎ করা স্বর্ণ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্‌ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪