| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বারডেমে সেমিনার

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৫:১০:৩৫:অপরাহ্ন  |  ১০৭৫ বার পঠিত
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় বারডেমে সেমিনার

স্টাফ রিপোর্টার: অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুরোধী ওষুধের কার্যকারিতা হ্রাস পাওয়া বর্তমানে বিশ্ব স্বাস্থ্য খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় 'ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল' (আইপিসি) বা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এই প্রেক্ষাপটে জনসচেতনতা ও বৈজ্ঞানিক কৌশল নির্ধারণে রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৩ মে) বারডেম অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হলে "Strategies to Combat Antimicrobial Resistance - Role of IPC" শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। বারডেম টিচার্স সোসাইটি (বিটিএস) এবং বাংলাদেশ ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ফাউন্ডেশন (বিআইপিসিএফ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সংক্রমণ (এইচএআই) এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিস্তার রোধে সঠিক বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করা এখন সময়ের দাবি। সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে ওষুধের ওপর নির্ভরশীলতা অনেকাংশে কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

বিটিএস-এর সভাপতি এবং বারডেম একাডেমির কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মো. ফিরোজ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুই বিশিষ্ট বিশেষজ্ঞ। বিআইপিসিএফ-এর সভাপতি অধ্যাপক ডা. জাহিদুল হাসান অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সংক্রমণের বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অন্যদিকে, বারডেমের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কানিজ ফাতেমা এই অসম লড়াইয়ে বর্তমান প্রেক্ষাপট ও প্রতিকার নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআইপিসিএফ-এর সহসভাপতি অধ্যাপক ডা. মো. আকরাম হোসেন, বারডেমের পরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ মহসিন, বারডেম একাডেমি ও রিসার্চ ডিভিশনের পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও অধ্যাপক ডা. সাহেলা নাসরিন।

অধ্যাপক ডা. মো. আকরাম হোসেন তাঁর বক্তব্যে বলেন, বিআইপিসিএফ একটি মাল্টিডিসিপ্লিনারি প্ল্যাটফর্ম। সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত জানতে যে কেউ তাদের ওয়েবসাইট (www.bipcf.org) পরিদর্শন করতে পারেন।

বিটিএস-এর সায়েন্টিফিক সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ফারিয়া আফসানা। সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের বিআইপিসিএফ ফাউন্ডার মেম্বাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার হিসেবে সহযোগিতা করেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, নিওটেক মেডিকেল সার্ভিসেস এবং ট্রেডওয়ার্থ গ্রুপ। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সংক্রমণমুক্ত উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪