| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১০:৫৬:৪৯:পূর্বাহ্ন  |  ৫০৫০৫ বার পঠিত
স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত আট মাসের মধ্যে এটি স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই মূল্যস্তর ধরে রাখতে ব্যর্থ হলে স্বর্ণের দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে।

রয়টার্স জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়ায় ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম নেমে আসে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল স্বর্ণের সর্বনিম্ন দাম। সাম্প্রতিক এই দরপতনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এফএক্সএমপায়ারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার বেড়ে ২ দশমিক ৮৮ শতাংশে অবস্থান করছে। পাশাপাশি টানা চার সপ্তাহ ধরে মার্কিন ডলারের দর বাড়ায় স্বর্ণের আকর্ষণ কমেছে। সাধারণত ডলারের মূল্যবৃদ্ধি এবং বন্ডের প্রকৃত মুনাফা বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আগ্রহ কমে যায়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতেও স্বর্ণবাজারের জন্য নেতিবাচক বার্তা পাওয়া গেছে। কার্যবিবরণীতে দেখা যায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারক অবস্থান নিয়েছেন। ফলে সুদের হার দীর্ঘ সময় তুলনামূলক বেশি থাকার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

বাজার বিশ্লেষণে বলা হচ্ছে, স্বর্ণের দাম পুনরায় বাড়তে শুরু করলেও প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলারের অঞ্চল স্বল্পমেয়াদে বড় ধরনের বাধা হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা ভেঙে নিচে নেমে গেলে পরবর্তী দরপতনের ক্ষেত্রে ৩ হাজার ৩০০ ডলার হতে পারে সম্ভাব্য পরবর্তী অবস্থান।

এদিকে, আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পিসিই প্রতিবেদন স্বর্ণবাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটির মূল্যস্ফীতির এই সূচক থেকে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে। ফলে প্রতিবেদন প্রকাশের পর ডলার, বন্ডের মুনাফা এবং স্বর্ণের দামে নতুন করে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

স্বর্ণের সাম্প্রতিক দরপতন শুধু স্বল্পমেয়াদি বাজার পরিস্থিতি নিয়েই নয়, দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের মধ্যেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দাম থেকে স্বর্ণের মূল্য প্রায় ৩২ শতাংশ কমে গেছে। তবে অতীতের বাজারচক্র বিশ্লেষণ করলে দেখা যায়, বড় ধরনের দরপতনের পর আগের সর্বোচ্চ মূল্য ফিরে পেতে স্বর্ণকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার এক বিশ্লেষণে বলা হয়েছে, অতীতে স্বর্ণের দাম ৩০ শতাংশের বেশি কমে যাওয়ার পর আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় লেগেছে। অর্থাৎ, বর্তমান দরপতনের পরও স্বর্ণের দাম দ্রুত আগের রেকর্ড অবস্থানে ফিরে যাবে—এমন নিশ্চয়তা নেই।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম প্রায় ৫৭ শতাংশ কমে গিয়েছিল। সেই পতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে বাজারটির সময় লেগেছিল প্রায় ১০ বছর। দীর্ঘ এই সময়ের মধ্যে স্বর্ণের বাজারকে বড় ধরনের মূল্য সংশোধন ও পুনরুদ্ধারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

অন্যদিকে, ১৯৯৬ সালের দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সময় নিয়েছিল ৬ বছর ৪ মাস। একইভাবে, ২০১২ সালের বাজারচক্রে স্বর্ণের দাম প্রায় ২৯ শতাংশ কমে যায়। এরপর দীর্ঘ সময় পার হয়ে ২০১৯ সালের জুনে স্বর্ণ আবার আগের সর্বোচ্চ দামে ফিরে আসে। এ ক্ষেত্রে পুনরুদ্ধারে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।

অতীতের এসব পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের ধারণা, বড় ধরনের মূল্যপতনের পর স্বর্ণের বাজারে আগের অবস্থান ফিরে পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। সে হিসাবে বর্তমান দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ পর্যায়ে ফিরতে ৬ থেকে ৮ বছর পর্যন্ত সময় লাগার আশঙ্কা রয়েছে।

তবে অতীতের বাজারচক্র ভবিষ্যতের দামের নিশ্চয়তা দেয় না। আন্তর্জাতিক অর্থনীতি, ভূরাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা, মার্কিন ডলারের গতিপথ এবং সুদের হারের পরিবর্তনের ওপর নির্ভর করেই আগামী দিনে স্বর্ণের বাজারের গতিপথ নির্ধারিত হবে।

সব মিলিয়ে, একদিকে স্বর্ণের দামে বড় ধরনের পতন, অন্যদিকে আগের রেকর্ড মূল্য ফিরে পেতে দীর্ঘ সময় লাগার আশঙ্কা—দুইয়ের সমন্বয়ে আন্তর্জাতিক স্বর্ণবাজার এখন নতুন অনিশ্চয়তার মুখে। বিশেষ করে যারা উচ্চ দামে স্বর্ণ কিনে বিনিয়োগ করেছেন, তাদের জন্য সাম্প্রতিক দরপতন বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪