| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রযুক্তি নির্ভর কৃষিতেই বদলাবে কৃষকের ভাগ্য

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৯:২৫:৪৮:অপরাহ্ন  |  ৯৭৬ বার পঠিত
প্রযুক্তি নির্ভর কৃষিতেই বদলাবে কৃষকের ভাগ্য

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের কৃষকদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। তিনি বলে, উন্নত বিশ্বের কৃষকদের মতো বাংলাদেশের কৃষকরাও ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর, স্মার্ট ও সমৃদ্ধ কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কোটি টাকার কৃষি কার্যক্রম পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১৪মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত কৃষক কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা জানান, কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের বীজ, আধুনিক সেচ ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণের মাধ্যমে অধিক ফলন ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। মহাপরিচালক আব্দুর রহিম বলেন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আয় বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। একই সঙ্গে কৃষিপণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো ভ্যালু চেইনের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের কৃষকরা আধুনিক কৃষিপ্রযুক্তি ও ব্যবসায়িক সুযোগ-সুবিধার আওতায় আসবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. আব্দুল কাইয়ুম মজুমদার, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা খান, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মমতাজ বেগম, মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা সারিজ পমুশা। কৃষক কংগ্রেসে ৭৫ জন কৃষক ও ১৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪