ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 'যুদ্ধের সিদ্ধান্তের' অর্থনৈতিক প্রভাব ধীরে ধীরে আরও তীব্র হবে এবং এর বোঝা বহন করতে হবে মার্কিন জনগণকেই।
শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, 'জ্বালানির দাম বৃদ্ধি বা শেয়ারবাজারের অস্থিরতা বাদ দিলেও আসল সংকট শুরু হবে যখন যুক্তরাষ্ট্রের ঋণের সুদের হার ও আবাসন ঋণের খরচ বাড়তে থাকবে।'
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে গাড়ির ঋণ পরিশোধে খেলাপির হার ইতোমধ্যে গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আরাঘচির ভাষায়, 'এই পরিস্থিতি পুরোপুরি এড়ানো সম্ভব ছিল।' এরই মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও ইরান যুদ্ধ নিয়ে তার অবস্থান দেশটির রাজনীতি ও অর্থনীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি করেছে। ইরান যুদ্ধ প্রসঙ্গে মঙ্গলবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের অর্থনৈতিক দুর্ভোগ তার বিবেচনায় নেই। তিনি বলেন, “আমার কাছে একটাই বিষয় গুরুত্বপূর্ণ, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়।”
এই মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। অনেকেই এটিকে সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক সংকটের প্রতি উদাসীনতা হিসেবে দেখছেন। বর্তমানে মূল্যস্ফীতি, জ্বালানির দাম ও ঋণের চাপ নিয়ে মার্কিন জনগণের উদ্বেগ বাড়ছে এবং অর্থনীতি ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তাও কমছে।
রিপোর্টার্স২৪/ঝুম