স্টাফ রিপোর্টার: মীরসরাইয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৩৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্ব টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু আহমদ (৬৫) ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী জরিনা বেগমও আহত হন।
পুলিশ জানায়, পেশায় কৃষক আবু আহমদ বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম ছিলেন না। একমাত্র ছেলে ইব্রাহিম মিলন বিভিন্ন কাজ করার পাশাপাশি মাদকাসক্ত হয়ে বেপরোয়া জীবনযাপন করতো। এ কারণে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে আবু আহমদকে লাঠি দিয়ে পেটায় ছেলে। তার চিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এসময় ঘটনাস্থলে আবু আহমদের মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সে মাদকাসক্ত ছিল বলে শুনেছি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে’।
রিপোর্টার্স২৪/ধ্রুব