চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আহত জাকারিয়া হাসান জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মৃত হারুনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় তাকে ডেকে নেওয়া হয়। পরে সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জাকারিয়ার এক স্বজন জানান, তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, রাত ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। পায়ের রগ কাটা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষত ছিল যে, স্যালাইন দেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছিল না।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, ‘আমরা শুনেছি, একটা ছেলের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ থানায় ফোন করেনি, লিখিত অভিযোগও দেয়নি।’
ওসি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আবার কেউ রাজনৈতিক কারণে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলেও শোনা যাচ্ছে। ভুক্তভোগীর পক্ষ থেকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অবশ্যই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব