ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম খান রিপনের স্ত্রী রাশিদা আক্তার ও তার সহযোগী রবিন খানকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামে এ অভিযান চালানো হয়। রোববার জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মণ্ডল ভাঙ্গা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা রিপনের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন তার দুই সহযোগী বিল্লাল ও নুর মোহাম্মদকে নিয়ে পালিয়ে যান। পরে বাড়ি থেকে তার স্ত্রী ও এক সহযোগীকে আটক করা হয়।
তল্লাশিতে ১১ বোতল বিদেশি মদ, একটি বিদেশি এয়ারগান, ৯০০ পিস এয়ারগানের গুলি, ২৬টি শটগানের কার্তুজ, পাঁচটি রামদা, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবির এসআই দীপন কুমার মণ্ডল জানান, আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/বাবি