নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ১১ বছর বয়সী কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত কুদ্দুস তার দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত মেয়েশিশুকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি শিশুটি বিষয়টি প্রতিবেশী এক নারীকে জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তারা অভিযুক্তকে আটক রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নীলফামারী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে যায় এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।