স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়েই এগোচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলায় বাংলাদেশের লিড দুইশ রান ছাড়িয়েছে।
সোমবার (১৮ মে) ১৫৬ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে নামেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
তবে দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শান্ত। ৪৬ বল মোকাবিলা করে ১৫ রান করেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন তিনি। ৪১তম ওভারের তৃতীয় বলে লিটনের নেওয়া এক রানের মাধ্যমেই বাংলাদেশের লিড ২০০ রান অতিক্রম করে। তখন ৪ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৫৪ রান।
এর আগে দ্বিতীয় দিনের খেলায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার তানজিদ তামিম মাত্র ৪ রান করে ফিরে যান। ৭ বলের ইনিংসে একটি বাউন্ডারি হাঁকালেও সেটিই ছিল তার একমাত্র স্কোরিং শট।
শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। বিশেষ করে জয় খেলেছেন দারুণ আত্মবিশ্বাসী ইনিংস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এই ওপেনার। মাত্র ৬১ বলে তুলে নেন ফিফটি। যদিও অর্ধশতক পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৪ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
অন্যদিকে মুমিনুল হকও ছিলেন ভালো ছন্দে। ধীরে ধীরে ফিফটির দিকে এগোচ্ছিলেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। ৬০ বলে ৩০ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান তুললে জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ফলে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।
রিপোর্টার্স২৪/ঝুম