ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোল প্লাজা এলাকায় মালবোঝাই দুটি মিনি ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারী নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরের দিকে ফলজ চারাগাছবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় একই লেনে মাছবোঝাই অপর একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল খান গণমাধ্যমকর্মীদের জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
এদিকে গত চার দিনে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া ও এক্সপ্রেসওয়ে এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ মোট ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স/এসএন