| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ দেওয়া হয়নি: চসিক মেয়র

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৩:৫০:১৮:অপরাহ্ন  |  ৪০৪ বার পঠিত
জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ দেওয়া হয়নি: চসিক মেয়র

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো গ্রাফিতি অপসারণের নির্দেশ চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাফিতি অপসারণ নিয়ে ওঠা আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে এই ব্যাখ্যা দেন তিনি।

বিবৃতিতে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে চসিক সবসময় নগরের সৌন্দর্যবর্ধন ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছে। কোনো ধরনের শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের প্রশ্নই আসে না। চসিকের কোনো বিভাগ বা শাখাও এ ধরনের কোনো কার্যক্রম চালায়নি বলেও তিনি জানান।

এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে মেয়র সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান।

এর আগে নগরের টাইগারপাস এলাকায় জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি ঘিরে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪