স্পোর্টস ডেস্ক: মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ের পর এবার সিলেট টেস্টেও পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেট হাতে রেখে ইতিমধ্যে ২০০ রানের লিড পার করেছে স্বাগতিকরা। ফলে রাওয়ালপিন্ডির পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো টেস্টে ‘হোয়াইটওয়াশ’ করার সুবর্ণ সুযোগ তৈরি করেছে টিম টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ যখন ১৫৪ রান, তখনই লিড ছাড়িয়ে যায় দুইশোর গণ্ডি। এরপর আর কোনো উইকেট না হারিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে স্বাগতিকরা। এই সময়ে স্বাগতিকদের সংগ্রহ ৫৩ ওভার শেষে ২০৩ রান। ক্রিজে এখন লড়াই চালাচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩৯ ও লিটন দাস ৪৮*।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ২৭৮ রান। ব্যাট হাতে ১৫৯ বলে ১৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন লিটন দাস। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে ২৩২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকেই ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিক বাংলাদেশ।
৪৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। বাউন্ডারি মেরে খাতা খুললেও সেটাই ছিল তার ইনিংসের একমাত্র রান। এরপর মুমিনুল হককে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুর সেই ধাক্কা চমৎকারভাবে সামাল দেন মাহমুদুল হাসান জয়।
মাত্র ৬১ বলে ওয়ানডে স্টাইলে নিজের হাফ-সেঞ্চুরি তুলে নেন ওপেনার জয়। তবে ফিফটির পরপরই ব্যক্তিগত ৫২ রানে তাকে ফিরতে হয়। দিনের শেষভাগে হাফসেঞ্চুরির পথে হাঁটতে থাকা মুমিনুল হকও থামেন ৩০ রানে। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে তিনি আউট হলে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ, যেখানে লিড দাঁড়ায় ১৫৬ রান। নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
সোমবার (১৮ মে) টেস্টের তৃতীয় দিনে ১৫৬ রানের লিডকে পুঁজি করে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শান্তর সঙ্গী হয়ে ক্রিজে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে আজ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চম ওভারেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অধিনায়ক শান্ত (১৫ রান)। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।
শান্ত বিদায় নিলে ক্রিজে আসেন লিটন দাস। লিটন ও মুশফিক মিলে দেখেশুনে খেলতে থাকেন এবং ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নেওয়ার মাধ্যমে বাংলাদেশের লিড ২০০ রান পার করান।
পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে লিড যত বড় হবে, চতুর্থ ইনিংসে তাদের লক্ষ্য তাড়া করা ততটাই কঠিন হবে। এখন দেখার বিষয়, মুশফিক-লিটন জুটি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম