বগুড়া প্রতিনিধি: বগুড়ার মোকামতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।
নিহতরা হলেন, স্থানীয় লক্ষ্মীপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৭) এবং জামিল আহমেদের ছেলে ইয়াসিন আলী (৩৩)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন ও ইয়াসিন আলীর পরিবারের সঙ্গে রেজাউল নামের এক ব্যক্তির দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে সোমবার সকাল ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সুমন ও ইয়াসিন আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
ঘটনাস্থলেই ইয়াসিন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত সুমনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/মিতু