| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট টেস্টে জিততে বিশ্বরেকর্ড করতে হবে পাকিস্তানকে

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২২:১১:৩৯:অপরাহ্ন  |  ২০৪ বার পঠিত
সিলেট টেস্টে জিততে বিশ্বরেকর্ড করতে হবে পাকিস্তানকে

স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।

মুশফিকের ব্যাটে ভর করে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান। টেস্টের চতুর্থ ইনিংসে এত বড় লক্ষ্য তাড়া করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। কেননা টেস্টের চতুর্থ ইনিংসে ম্যাচ জিততে হলে পাকিস্তানকে এখন ইতিহাস গড়তে হবে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়ার বিশ্ব রেকর্ডটি ৪১৮ রানের, যা ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে টেস্টে পাকিস্তানের নিজেদের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ডটি হলো ৩৮২ রানের (২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে)।

ফলে সিলেটে ম্যাচটি জিততে হলে পাকিস্তানি ব্যাটসম্যানদের কেবল নিজেদের রেকর্ডই ভাঙতে হবে না, বরং ভাঙতে হবে টেস্ট ইতিহাসের ২৩ বছর পুরোনো বিশ্ব রেকর্ডও।

দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ তৃতীয় দিন প্রথম সেশনেই নাজমুল হোসেন শান্তকে হারায়। তবে অধিনায়কের বিদায়ের পরও দলের হাল সামলে রাখেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনে মিলে গড়েন ১২৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন এবার ৯২ বলে ৬৯ রানের চমৎকার ইনিংস খেলেন।

লিটন ফেরার পর মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। তবে মুশফিকুর রহিম ক্রিজে অবিচল ছিলেন। তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে গড়েন ৭৭ রানের আরেকটি জুটি। তাইজুল ৫১ বলে ২২ রান করে আউট হলেও মুশফিক একাই লড়াই চালিয়ে যান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৩৩ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি।

তাতে ৩৯০ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিডের সঙ্গে যোগ হয় আরও ৩৯০, ফলে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

এর আগে সিলেট টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের ১৫৯ বলে ১২৬ রানের ঝলমলে সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ চারটি এবং মোহাম্মদ আব্বাস তিনটি উইকেট নেন।

জবাবে বাবর আজমের ৬৮ রান এবং সাজিদ খানের ঝড়ো ৩৮ রানে ভর করে পাকিস্তান ২৩২ রানে অলআউট হয়। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় টাইগাররা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪