| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ২০:২৬:০০:অপরাহ্ন  |  ৯৮১৭৪৩ বার পঠিত
ময়মনসিংহে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট ও দাবা প্রতিযোগিতার ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যারা বিজয়ী হয়েছে তারা যেমন আমার দল, তেমনি যারা জয়ী হতে পারেনি তারাও আমার। খেলাধুলার আসল সৌন্দর্যই হচ্ছে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করা।

তিনি আরও বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে অংশগ্রহণকারীরা জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফারাহ শাম্মী বলেন, খেলাধুলাকে ভালোবাসতে হবে এবং এর মধ্যেই সম্ভাবনা খুঁজে নিতে হবে। অনেকে খেলাধুলাকে পেশা হিসেবেও নিতে পারে। একজন সফল ক্রীড়াবিদ আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়াতে পারে।

তিনি অংশগ্রহণকারীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, পড়াশোনা ছাড়া জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা সম্ভব নয়। তাই খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।

ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলম এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শহিদুল আমিন খসরু।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিশু-কিশোর ক্রীড়াবিদ, প্রশিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংগঠকরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪