| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, বালুবাহী ট্রাকে আগুন

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৬:০৯:০৯:অপরাহ্ন  |  ১২৯১ বার পঠিত
পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, বালুবাহী ট্রাকে আগুন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাতেঁতুলিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বিকেল ও সন্ধ্যায় এ দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে দেবীগঞ্জে শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ জনতা একটি বালুবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকল এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে বালুবাহী ট্রাকের চাপায় পাপড়ি রাণী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত পাপড়ি ওই এলাকার সেবেন্দ্রনাথ রায়ের মেয়ে এবং সোনাপোতা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, পাপড়ির বাবা সেবেন্দ্রনাথ রায় সড়কের পাশে ভুট্টা শুকানোর কাজ করছিলেন। এ সময় বাবাকে খুঁজতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দেবীগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনার পরপরই চালক ও তার সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় মাটিবাহী ট্রাক্টর উল্টে আনোয়ার হোসেন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি মাঝিপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। আনোয়ার ওই ট্রাক্টরের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ট্রাক্টরটি একটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আনোয়ার তার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪