| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যায় ক্ষোভ ও বিচার দাবি ক্রীড়াঙ্গন ও শোবিজ তারকাদের

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ২২:৩৬:৪৪:অপরাহ্ন  |  ৭৯০ বার পঠিত
রামিসা হত্যায় ক্ষোভ ও বিচার দাবি ক্রীড়াঙ্গন ও শোবিজ তারকাদের

স্টাফ রিপোর্টার: শিশু রামিসা হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জ্যোতি লেখেন, ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না... রামিসা হত্যার বিচার চাই! Justice for Ramisa। তার এই পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে অনেকেই পোস্টটি শেয়ার করে রামিসার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।

রামিসার মৃত্যু ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, নির্মম নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, শোক ও প্রতিবাদের ঝড় বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গন থেকেও এ ঘটনায় প্রতিক্রিয়া এসেছে। জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ফেসবুক পোস্টে বিচার ব্যবস্থার কঠোরতা নিয়ে প্রশ্ন তুলে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি লেখেন, সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দেবেন আর বিচারের কোনো নাম নেই, এই সার্কাস আর কত দিন? পরে আরও কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, বিচার এমন হওয়া উচিত, যাতে এ ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কেঁপে ওঠে।

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশিও। বুধবার (২০ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কি ভাষায়, কি লিখলে সঠিক হবে আসলে? ৪/৫ ঘণ্টা যাবত শুধু ছবিগুলো দেখছি, নিউজগুলো পড়ছি, আর বাপ-মায়ের কথা ভাবছি? মেয়ের বাবার আহাজারির একটা ক্লিপ দেখলাম! হায় রে সন্তান! কত কষ্টের, কত স্বপ্নের সন্তান! কি অসহায়ত্ব মা-বাবার!

তিনি আরও বলেন, আসামিকে মেয়েটির মা-বাবার হাতে ছেড়ে দেওয়ার দাবি করেন তিনি। ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ধরণী দ্বিধা হও! এবং কোনো ঘরে আর কন্যাসন্তান জন্ম না নেওয়ার কথাও উল্লেখ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে মরদেহ গুমের উদ্দেশ্যে দেহের অংশ বিচ্ছিন্ন করা হয়।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে বিকৃত যৌন নির্যাতন বা ধর্ষণের সংশ্লিষ্টতা আছে কি না, তা ময়নাতদন্ত ও পরীক্ষার প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে নির্মম এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষও। শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪