| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১১:৩৮:০৩:পূর্বাহ্ন  |  ৪৬৩১৪ বার পঠিত
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইন্টারন্যাশনাল ডেস্ক: টানা দুই দিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সময় বৃহস্পতিবার (২১ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৮৩ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি নিয়ে চলমান অনিশ্চয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরও বাজারে প্রভাব ফেলেছে। এতে সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে।

বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ আরও চাপে পড়তে পারে। সেই আশঙ্কায় অনেক ক্রেতা আগাম তেল কিনতে আগ্রহী হচ্ছেন, যা দামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

এদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর অবস্থান নিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে একটি চূড়ান্ত ও টেকসই চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার কোনো পরিকল্পনা নেই।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কোনো চাপ অনুভব করছে না ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন, নিজের শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য চুক্তি না হওয়া পর্যন্ত তিনি প্রয়োজন হলে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে প্রস্তুত।

বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক অচলাবস্থা এবং যুক্তরাষ্ট্রের অনমনীয় অবস্থানের কারণেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪