| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমালোচনার মুখে আরও এক সিদ্ধান্ত বদলালেন বিজয়

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৩:১২:৩৪:অপরাহ্ন  |  ২৩৬৪ বার পঠিত
সমালোচনার মুখে আরও এক সিদ্ধান্ত বদলালেন বিজয়

ইন্টারন্যাশনাল ডেস্ক: তামিলনাড়ুতে একটি সরকারি টেন্ডার প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে)-এর পক্ষ থেকে অনিয়মের অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কিত সেই সরকারি চুক্তি বাতিল করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার। খবর এনডিটিভি।

থুথুকুডি জেলার একটি গ্রামে ৩ হাজার লিটারের ওভারহেড পানির ট্যাংক নির্মাণের জন্য ১৬.৮৩ লাখ রুপির ওই দরপত্র প্রক্রিয়া গত ১৯ মে সম্পন্ন হয়। তবে এর সময়সূচি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের প্রশ্ন।

নিয়ম অনুযায়ী ঠিকাদাররা ১৩ মে থেকেই টেন্ডারের বিস্তারিত তথ্য পাওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা যায়, ১৮ মে সকাল ৯টায় টেন্ডার উন্মুক্ত করা হয় এবং মাত্র ৬ ঘণ্টার মধ্যেবিকেল ৩টায় তা বন্ধ করে দেওয়া হয়। পরদিন বিকেল ৪টার মধ্যেই একটি নির্দিষ্ট সংস্থাকে কার্যাদেশ দেওয়া হয়। এই দ্রুত প্রক্রিয়া জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয় ব্যাপক সমালোচনা।

চাপের মুখে পরে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে টেন্ডারটি বাতিল করা হয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে দুইজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ডিএমকে দাবি করেছে, নির্দিষ্ট একটি সংস্থাকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছিল। দলটির সিনিয়র নেতা আমুথারাসান প্রশ্ন তোলেন, মাত্র ৬ ঘণ্টার মধ্যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে কীভাবে একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরি করা সম্ভব।

তিনি বলেন, এটি কোনো প্রশাসনিক গতিশীলতা নয়, বরং পূর্বপরিকল্পিত চুক্তির রাজনীতি। তার অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দ্রুত ও অস্বাভাবিকভাবে টেন্ডার প্রক্রিয়া এগিয়ে নিয়েছেন।

এর আগে নতুন সরকার গঠনের পর থেকেই টিভিকে প্রশাসন একাধিক বিতর্কের মুখে পড়েছে। গত মাসে একজন জ্যোতিষীকে স্পেশাল ডিউটি অফিসার হিসেবে নিয়োগ দিয়েও সমালোচনার মুখে পড়ে দলটি, পরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

তবে বিতর্কের মধ্যেও কিছু সিদ্ধান্তে প্রশংসা পেয়েছে টিভিকে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড এবং ধর্মীয় স্থাপনার ৫০০ মিটারের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ‘তাসমাক’ মদের দোকান বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪