রিপোর্টার্স ডেস্ক: বরিশালের গৌরনদীতে আকস্মিক বজ্রপাতে পানবরজে কাজ করা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. তৌকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
নিহতরা হলেন, মাহিলাড়ার ভীমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।
এ ঘটনায় আহত দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত ও আহত তিনজনই ভীমেরপাড় এলাকার একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আলিম হাওলাদার ও সুকান্ত বালার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন গোপাল সরকার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/মিতু