| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধানের প্রতি নতুন প্রজন্মের সম্মান কমে গেছে: আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ০৭:০৪:৩৪:পূর্বাহ্ন  |  ২৬৩ বার পঠিত
সংবিধানের প্রতি নতুন প্রজন্মের সম্মান কমে গেছে: আসিফ মাহমুদ

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান প্রজন্মের কাছে সংবিধানের প্রতি আগের মতো সম্মান অবশিষ্ট নেই। তার দাবি, নতুন প্রজন্মই ভবিষ্যতে নতুন রাষ্ট্র ও সরকারব্যবস্থা গড়ে তুলবে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ময়মনসিংহ নগরের তারেক স্মৃতি মিলনায়তন-এ ‘তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলা শাখা।

আসিফ মাহমুদ বলেন, পুরোনো বন্দোবস্তের সুবিধাভোগীরা হয়তো তরুণদের টেনে ধরার চেষ্টা করবে। কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে সংবিধান নিয়ে কোনো সম্মান অবশিষ্ট নেই। সংবিধান যখন মানুষের কাছে সম্মান হারায়, তখন এটি কাগজের বই ছাড়া আর কিছু নয়।

তিনি আরও বলেন, জেন-জি ও জেন-আলফারা আসছে। তারা নতুন রাষ্ট্র ও সরকারব্যবস্থা গড়ে তুলবে।

বাজেট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আর্থিক কাঠামোয় বড় ধরনের সংস্কার ছাড়া বিশাল বাজেট বাস্তবায়ন করা কঠিন। বর্তমান কর প্রশাসনিক সক্ষমতা দিয়ে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম বাজেটে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে না। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা, বিনিয়োগ সংকট ও রাজস্ব ঘাটতির মতো মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবিলায় সুস্পষ্ট রূপরেখার অভাব রয়েছে বলেও দাবি করেন তিনি।

সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে জাতীয় ছাত্রশক্তির তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন। তারা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, তরুণদের জন্য পৃথক বাজেট, কর্মসংস্থান এবং কৃষি খাত নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

জাতীয় ছাত্রশক্তির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আলী হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরাজ মেহেরাব তালুকদার, জাহিদ আহসান, জাবেদ রাসিন ও লুৎফর রহমান প্রমুখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪