লক্ষ্মীপুর প্রতিনিধি: শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, অব্যাহত নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে নারী ও শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।
মানববন্ধন থেকে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর বিচারের দাবি জানান বক্তারা।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। “নারী নির্যাতন বন্ধ কর”, “ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই”, “রামিসা হত্যার বিচার চাই” ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শিশুরা “আমার নিরাপত্তা কোথায়, আমার সুরক্ষা কোথায়” লেখা প্ল্যাকার্ড বহন করে কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচি শেষে আয়োজকরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধনে ইসলামী ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ নারীরা অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/এসএন