রিপোর্টার্স ডেস্ক: ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা রয়েছেন।
পুলিশের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়ার পরিকল্পনা’ ছিল তাদের।
শুক্রবার জুমার নামাজের পর তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, “তারা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”
দলটির তৎপরতা ঠেকাতে ধানমন্ডি এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে অবস্থানরত শেখ হাসিনা নিজের দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।
তবে এর মধ্যেই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসছে।
রিপোর্টার্স/এসএন