কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। মা–বাবার দেওয়া অভিযোগে এক মাস কারাভোগের পর বাড়ি ফিরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান (৬০) মৌলভীরকুম এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একটি ছোট দোকানে চা-পান বিক্রি করতেন।
অভিযুক্ত মিনারুল ইসলামকে (৩০) ঘটনার পর স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দেন। পরে তাকে একটি কমিউনিটি সেন্টারে বেঁধে রাখা হয়। খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনারুলকে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মিনারুল তাঁর বাবা খলিলুর রহমানের পথরোধ করেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে খলিলুর রহমানের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাহুর একটি অংশ প্রায় আলাদা হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, মিনারুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁর আচরণে অতিষ্ঠ হয়ে দেড় মাস আগে মা–বাবা চকরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মিনারুলকে এক মাসের কারাদণ্ড দেন। ১০ থেকে ১১ দিন আগে তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকেই বাবার প্রতি তাঁর ক্ষোভ ছিল বলে দাবি স্থানীয়দের। গত বৃহস্পতিবার বিকেলেও বাবার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়েছিল। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মিনারুল ইসলাম মাদকাসক্ত ছিলেন এবং তাঁর কর্মকাণ্ডে পরিবার অতিষ্ঠ ছিল। এ কারণে মা–বাবা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই ক্ষোভ থেকেই তিনি বাবাকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, মিনারুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি